বাছাইয়ে স্বাগতিক ওমানকে গোলহীন রেখে বিরতিতে গেছে বাংলাদেশ।
সুলতান কাবোস স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে খেলছে বাংলাদেশ। গোলশূন্যভাবে শেষ হয়েছে প্রথমার্ধ।
গ্রুপের টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ওমান শুরু থেকে আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণে এসে সুবিধে করতে পারেনি। দশম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় বলের নাগাল পাওয়ার আগেই ফিস্ট করে ফেরান রানা।
একটু পর জামাল ভূইয়ার দূরপাল্লার শট লাফিয়ে ফেরান ওমানের গোলরক্ষক। গোলশূন্য প্রথমার্ধে রক্ষণ সামলে খেলা বাংলাদেশের উল্লেখ করার মতো আক্রমণ এটিই।
২০তম মিনিটে আল-মানধারের নিচু শট সহজেই ফেরান রানা। আট মিনিট পর সতীর্থের লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে পেয়েছিলেন মহসিন আল খালদি, কিন্তু ওমানের এই মিডফিল্ডার শট নেওয়ার আগেই ডিফেন্ডাররা বিপদমুক্ত করেন।
বিরতির আগে আবারও রানার দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ। সালেহর হেড বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। যোগ করা সময়ে ওমান বেশ চাপ দিলেও সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দল।

comment 0 Comments
more_vert